
চলতি বছর নিরাপত্তা সংকেটর কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। টাইগারদের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার। প্রায় দেড়মাস ধরে আইসিসির সঙ্গে এ নিয়ে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ইতিবাচক কোনো ফলাফল আসেনি।
শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায় আইসিসি। বাংলাদেশও জানিয়ে দেয় কোনোভাবেই ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এরপর টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।
বিশ্বকাপে না খেলতে যাওয়ার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেছে তদন্ত কমিটি। সেখানেই উঠে এসেছে বাংলাদেশের ভারতে না খেলতে যাওয়ার কারণ সমূহ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের টুর্নামেন্টে (বিশ্বকাপে) অংশগ্রহণ না করার পেছনে মূল কারণগুলো ছিল– রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা সম্পর্কিত মতবিরোধ, আইসিসির গভর্ন্যান্স বা পরিচালনা পর্ষদের দ্বন্দ্ব, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং ব্যর্থ আলোচনা ও মধ্যস্থতা।
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে কোন কারণের প্রভাব কেমন ছিল, তারও একটি রেটিং করেছে তদন্ত কমিটি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা, ভেন্যু স্থানান্তরে আইসিসির অস্বীকৃতি এবং বাংলাদেশ সরকারের হস্তক্ষেপকে অত্যন্ত উচ্চ প্রভাব হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বিসিবির আলোচনা ও মধ্যস্থতার ব্যর্থতাকে উচ্চ এবং যোগাযোগের ঘাটতি বা বিচ্ছিন্নতাকে মাঝারি প্রভাব হিসেবে উল্লেখ করা হয়েছে।