
নারী ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে দুই দলের বিভিন্ন পর্যায়ের মুখোমুখি লড়াইয়ে তৈরি হয়েছে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত। এবার সেই প্রতিদ্বন্দ্বিতার আবহে যুক্ত হচ্ছে শ্রীলঙ্কাও। তবে এবার লড়াইটা মূল দলের নয়, বয়সভিত্তিক ক্রিকেটে। ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি আসন্ন বড় আসরের প্রস্তুতিও সেরে নেওয়ার সুযোগ পাচ্ছেন তরুণ ক্রিকেটাররা।
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে সিরিজের সূচি। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজ।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
সিরিজে অংশ নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। একই দিন থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে।
আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।
বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৫ অক্টোবর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৬ অক্টোবর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৮ অক্টোবর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯
১১ অক্টোবর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
১৪ অক্টোবর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
ফাইনাল
১৬ অক্টোবর