News update
  • NCP Demands Impeachment, Arrest of President     |     
  • PM Pledges to Modernise, Strengthen Border Force     |     
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     

গ্যালারিতে থাকা দর্শকদের দিকে কেন তেড়ে গেলেন মিঠুন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-26, 6:25pm

rtewrreewrew-dab48d6c71d132339af88c8764780d521772108742.jpg




রাজশাহীতে চলমান বিসিএল ওয়ানডে আসরের দ্বিতীয় রাউন্ডে মাঠের খেলাকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ চলাকালে দর্শকদের স্লোগানে মেজাজ হারিয়ে গ্যালারির দিকে তেড়ে যান অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ব্যাটিং করার সময় গ্যালারি থেকে মিঠুনকে উদ্দেশ্য করে ‘দালাল-দালাল’ স্লোগান দেওয়া হয়। এমন অপমানজনক স্লোগান শুনে ক্ষোভ সামলাতে না পেরে তিনি ব্যাটিং ছেড়ে সীমানা দড়ির বাইরে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে হাসিমুখেই আবার ক্রিজে ফিরে আসেন ডানহাতি এই ব্যাটার।

এর আগেও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ কয়েকজন ক্রিকেটারকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বিপিএলের একটি আলোচিত ম্যাচ বয়কটের ঘটনায় ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের দাবির মুখে তাকে শোকজ করা হয় এবং সাময়িকভাবে দায়িত্ব থেকেও সরানো হয়েছিল। তবে পরবর্তীতে বিসিবি তাকে আবারও সেই পদে বহাল রাখে।

এদিন অবশ্য ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান মিঠুন। টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ৭৯ বল খেলে অপরাজিত ৫৫ রান করেন মিঠুন। তবে তার এই লড়াকু ইনিংসও জয় এনে দিতে পারেনি। ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে নেয় উত্তরাঞ্চল।