News update
  • Ensure no fascist force can ever use police against people: PM     |     
  • 5 BNP, Jamaat men held in Kushtia for seeing drug dealer’s release     |     
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     

শাহিন-সিকান্দারদের বিরুদ্ধে প্রটোকল ভাঙার গুরুতর অভিযোগ পাঞ্জাব পুলিশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-03-30, 8:05am

grewerwerwer-6f804d31fd2ff202c241bff33d48b6ce1774836349.jpg




পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের বিরুদ্ধে 'নিরাপত্তা প্রটোকলের গুরুতর লঙ্ঘন'-এর অভিযোগ তুলেছে পাঞ্জাব পুলিশ। অভিযোগ অনুযায়ী, অনুমতি ছাড়া চারজন ব্যক্তি সেই হোটেলের ফ্লোরে প্রবেশ করেন, যেখানে দলের খেলোয়াড়রা অবস্থান করছিলেন।

পিএসএলের সিইও সালমান নাসেরের কাছে পাঠানো পাঞ্জাব পুলিশের এক ডেপুটি ইন্সপেক্টরের লেখা চিঠিতে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং সতীর্থ সিকান্দার রাজার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বলা হয়, তারা নির্দেশনা অমান্য করে শনিবার (২৮ মার্চ) রাতে জোরপূর্বক ওই চারজনকে খেলোয়াড়দের একটি রুমে নিয়ে যান, যেখানে তারা প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে এবং ইএসপিএন-ক্রিকইনফোও এর একটি কপি দেখেছে।

অভিযোগে বলা হয়েছে, কালান্দার্সের লিয়াজোঁ অফিসার প্রথমে পিসিবির নিরাপত্তা ও দুর্নীতি দমন বিভাগের কাছে এই চারজনকে রাজার রুমে প্রবেশ করতে দেয়ার অনুমতি চান। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। এরপর দলের মালিক সামিন রানা পিএসএলের সিইও সালমান নাসেরের কাছে অনুমতি চান, সেটিও নিরাপত্তাজনিত কারণে নাকচ করা হয়।

তবুও অভিযোগ অনুযায়ী, সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শাহিন ও সিকান্দার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের বাধা অগ্রাহ্য করে জোর করে ওই চারজনকে ভেতরে নিয়ে যান। পুলিশ এটিকে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্ধারিত নিয়মের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে, কালান্দার্সের মিডিয়া প্রধান উমর ফারুক বলেন, 'দুই খেলোয়াড়কে ঘিরে একটি ঘটনার বিষয়ে আমরা অবগত আছি এবং এ নিয়ে পিএসএলের সঙ্গে যোগাযোগ রাখছি।'

পুলিশ তাদের চিঠির শেষাংশে ঘটনাটি তদন্ত করে ভবিষ্যতে এমন লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংকটজনিত কারণে এবার পিএসএল খালি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে এবং খেলোয়াড়দের বাইরের জগতের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে। লিগটি পাকিস্তানে ফিরে আসার পর থেকেই এর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়, হোটেল এলাকায় কঠোর নিরাপত্তা বলয় ও চেকপোস্ট স্থাপন করা হয়।

এদিকে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় লাহোর কালান্দার্স তাদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছে। এর আগে তারা উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে  শুভসূচনা করেছে।