News update
  • Messi Bids Farewell to Argentina After 21-Year Career     |     
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-24, 10:27am

465rtyer43-a88f28cf2ee8981a05ac4e86434cc6411782275231.jpg




নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন (জোরপূর্বক পুশ) করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক জোরালো ও শক্ত অবস্থানের কারণে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগীদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির বিজিবির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের শূন্য লাইনের (জিরো লাইন) অভ্যন্তরে অবস্থানরত ওই ৯ ব্যক্তিকে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে কঠোর বাধা প্রদান করে। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের পুশ-ইন করতে ব্যর্থ হয়।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।