News update
  • Hasina Seeks New Passport and NID to Return to Bangladesh     |     
  • Iran threatens to rain down hell if US escalates war     |     
  • Maintain pol. neutrality in admin. duties: PM tells BCS officers      |     
  • 4 mother, child welfare centres in Jhenaidah in limbo for 8yrs     |     
  • UN chief saddened by Krakow shooting killing 6, injuring many     |     

মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-09, 12:32pm

img_20261109_123208-ca5fdc3a77193840273a88fa05410b821794205963.jpg




বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব বলেন, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।

তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) শুরু হচ্ছে আজ সোমবার। আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময়ে দুটি পৃথক পর্বে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে তার।

এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর।

সরকারের সংশ্লিষ্ট সূত্রমতে, এবারের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা চাওয়া হবে।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এবারের কপ সম্মেলনে একত্রিত হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এতে বাংলাদেশের অংশগ্রহণ ও অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে।

তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া কপ-৩১ সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ।

২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস করা এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানো সংক্রান্ত লক্ষ্যগুলো বিশেষ গুরুত্ব পাবে এবারের সম্মেলনে।