News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

বিস্ফোরক মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে উত্তেজনা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-23, 8:50am

img_20261123_084803-01c9c88c0366e6c32b378ea67b1d95911795402217.jpg




ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগরা ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও মোগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তার সায়েব আলী জুলাই আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি। সে হিসেবে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার পরপর রাতেই আখাউড়া থানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং গ্রেপ্তার সায়েব আলীর মুক্তি চান। অভিযোগ উঠেছে, থানা ফটকে অবস্থানকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও ধাওয়া দেয়।

কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ বলেন, সায়েব আলী আওয়ামী লীগ নেতা নন কিংবা তার দলীয় কোনো পদবিও নেই। বরং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির লোকজন প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এনসিপির আখাউড়া উপজেলার আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে অবস্থান নিয়েছিলেন। এ সময় পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করাকালে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে। 

যদিও বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, এনসিপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মারধরের যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। বরং বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে অস্থিরতা করছিল। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় কয়েকজন বিএনপি নেতাকর্মী তাদের মধ্যে বিষয়টি সুরাহা করে দেয়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, জুলাই আন্দোলনের বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ২০২৪ সালের মামলা। খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে এসেছিল, সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে তাদের কিছু সমস্যা হয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।