News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

ঢাকায় বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে যা বলল ডিএমপি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-11-15, 4:25pm




আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে ঢাকা বিভাগের গণসমাবেশ করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য বিশ্লেষণ করে তাদের এ সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। তবে কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তারা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।

মো. ফারুক হোসেন বলেন, আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখব অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না।

এর আগে, সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে ডিএমপি কার্যালয়ে আসে বিএনপির প্রতিনিধি দল।

সাক্ষাৎ করতে আসা বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায়। সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয়, সে বিষয়েও ডিএমপি কনিশনারের কাছে জানানো হয়েছে।

এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন যায়গায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ রকম কাউকে গ্রেপ্তার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব, তাদের গ্রেপ্তার করব।

বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কতদিন লাগবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আজকে আবেদন করেছেন, আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তথ্য সূত্র আরটিভি নিউজ।