News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

১৩ রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-07-26, 6:31pm

resize-350x230x0x0-image-233118-1690371465-64df5f8a5cd92ae0b1157e795e929ed11690374693.jpg




ঢাকা-১৭ উপনির্বাচনের সময় হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ায় ১৩ দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানিয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (২৬ জুলাই) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এটি তলব নয়, আমন্ত্রণ ছিল। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এর আগে জাতিসংঘের প্রতিনিধিকে আমরা তলব করেছিলাম। এটাকে আমরা তলব বলছি না। আমরা ওই দেশগুলোতেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব। সে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, হিরো আলম ইস্যুতে ১৩ মিশনের বিবৃতি বস্তুনিষ্ঠ ছিল না। এ ধরনের কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। আমরা তাদেরকে (কূটনৈতিকদের) বলেছি যে, এটি একটি ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না। এই নির্বাচনে কোনো সহিংসতা হয়নি। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কূটনৈতিক ব্যক্তিবর্গ যেভাবে উপস্থাপন করেছেন তা শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলন করে না। দ্রুত প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা মূল্যায়নের বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই, তারা বিবৃতি দেওয়ার আগেই এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবু তারা পরদিন বিবৃতিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়। তাদের বিবৃতির বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিবৃতিটি তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি, আমাদের আজকের আলোচনার পর তারা সেটি উপলব্ধি করবেন। ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমরা তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হবার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আরও সতর্ক করা হয়েছে যে, সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।