News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

হ্যাক হওয়া আইডি ফিরে পেতে কত সময় লাগে?

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-02-02, 10:54am

f5db68037b2baaf8951ba783ff2bbc7b75def00a1f2a38e1-0fad198f9ae906daa50a303546483a9a1770008051.jpg




কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্ট নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সারা দেশে। বিতর্কিত ওই পোস্টের পর আবার আইডি ফিরে পাওয়ার দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে পুনরুদ্ধার প্রক্রিয়ায় কয়েক ধাপে সময় লাগতে পারে সর্বোচ্চ দুসপ্তাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামী জানায়, আমির কিংবা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা এই পোস্ট করেননি। অ্যাকাউন্টটি শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়। বরং বিষয়টি তাদের নজরে আসার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা হয়।

এদিকে, সারা দেশে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনার ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলসহ কয়েকটি সংগঠন।

জামায়াতে ইসলামী আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইলে যে আইপি থেকে হ্যাক করা হয়েছে সেই তথ্য সংবলিত বার্তা পাঠায় কর্তৃপক্ষ। অ্যাকাউন্টধারী হ্যাকের বিষয়টি নিশ্চিত করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সাময়িক লক করে দেয়া হয়। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করতে চায়। কোনো কোনো ক্ষেত্রে মুখমণ্ডল ভেরিফিকেশন করে থাকে। ভেরিফিকেশন করার পর অ্যাকাউন্ট উদ্ধারে রিসেট লিংক পাঠায় এক্স কর্তৃপক্ষ।

এ বিশেষজ্ঞ বলেন, সাধারণত যে কোনো অ্যাকাউন্ট হ্যাকের পর বৈধ উপায়ে উদ্ধার করতে হলে ধাপে ধাপে ৩টি লেয়ারে অথেনটিকেশন সম্পন্ন করতে হয়। এজন্য সাধারণত ন্যূনতম ২৪ ঘণ্টা, ক্ষেত্রে বিশেষে ৭২ ঘণ্টা, কোনো কোনো সময় ৭ থেকে ১০ দিন সর্বোচ্চ ২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ হ্যাক হওয়া আইডি ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ২৪ ঘণ্টা থেকে দুসপ্তাহ পর্যন্ত সময় লাগে।

সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরাকে দেয়া সাক্ষাৎকার জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে আলোচনায় আসেন ডা. শফিকুর রহমান।