
একটু ভরপেট কিংবা হাই রিচ খাবার খাওয়ার পর তা দ্রুত হজমে অনেকেই হাত বাড়ান কোল্ড ড্রিংকস বা দইয়ের দিকে। কিন্তু অনেকেই জানেন না শরীরে এই দুই খাবার প্রবেশের পর তা স্বাস্থ্যে কীভাবে প্রভাব ফেলতে পারে। পুষ্টিবিদরা বলছেন, দ্রুত হজমে কোল্ড ড্রিংকস নয়, বরং দই হতে পারে উপকারী খাবার।
কোল্ড ড্রিংকস বা কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ এতে উচ্চ চিনি ও ক্যালরি থাকে যা কিডনি, ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে দই প্রোবায়োটিক একটি খাবার যা হজমে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখে এবং শরীরকে ডিহাইড্রেশনের সমস্যা থেকে রক্ষা করে।
শরীরে যেভাবে কাজ করে কোল্ড ড্রিংকস ও দই
আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলথলাইন ও হেলথকার্ট-এর প্রতিবেদন অনুসারে আসুন জেনে নিই শরীরে কোল্ড ড্রিংকস ও দইয়ের প্রতিক্রিয়া সম্পর্কে-
স্বাস্থ্যঝুঁকি: কোল্ড ড্রিংকসে সোডা ও অতিরিক্ত চিনি থাকায় তা রক্তচাপ বৃদ্ধি ও হার্টের সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
পুষ্টিগুণ: কোল্ড ড্রিংকসে কোনো পুষ্টিগুণ নেই। কেবল ক্যালরি থাকে। অন্যদিকে দই ক্যালসিয়াম, প্রোটিন ও স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া (প্রোবায়োটিক) সমৃদ্ধ।
হজমে ভূমিকা: অনেকে মনে করেন অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিংকস হজমে সাহায্য করে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এটি উল্টো হজমে বাধা দিতে পারে। কিডনি ড্যামেজের কারণও হতে পারে। অথচ দই শরীরে অম্বলের সমস্যা দূর করতে সাহায্য করে।
বিকল্প পানীয়: পুষ্টিবিদরা বলছেন, প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে কোল্ড ড্রিংকস না খেয়ে দই কিংবা দই দিয়ে তৈরি লাচ্ছি, শরবত খাওয়া শ্রেয়। কেননা কোল্ড ড্রিংকস স্বল্প সময়ের জন্য আপনাকে শীতল অনুভূতি দিলেও তা পরে বেশি গরমের অনুভূতি দেয়।
নেতিবাচক প্রভাব: দইয়ের কোনো নেতিবাচক প্রভাব নেই শরীরে। অন্যদিকে নিয়মিত কোল্ড ড্রিংকস খাওয়ার অভ্যাস আপনার দাঁত, মাড়ি, কিডনির ক্ষতি করতে পারে। শরীরে তৈরি করতে পারে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা। কৃত্রিম রং ও ক্যামিকেল থাকায় তা শরীরে অন্ত্রের প্রদাহও তৈরি করে।
তাই নিয়মিত কোল্ড ড্রিংকস খাওয়ার অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করার চেষ্টা করুন। কেননা দই বা দইয়ের তৈরি ঘরোয়া ঠান্ডা পানীয় গ্রহণই দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।