News update
  • PM Pushes Plans for Second Padma, Jamuna Bridges, Barrage     |     
  • Tap grants, local finance; shun loans for energy sovereignty      |     
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2026-11-03, 9:40pm

noyyaakhaalii_niuj-c7eb27b1632a9fcb095e6034c039959a1793720445.jpg




নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন এ কূপে গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।

গতকাল সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে অগ্নি প্রজ্বালনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।

বাপেক্স সূত্রে জানা যায়, সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ করছে। সংস্থাটির বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই খনন কার্যক্রম শুরু করা হয়। প্রায় তিন হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খননের পর কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

পরিকল্পনা অনুযায়ী, কূপটি থেকে আগামী ২০ বছর গ্যাস উত্তোলন করা হতে পারে। ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য পাঁচ হাজার ৮০৯ কোটি টাকা।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নতুন এ গ্যাস কূপের সন্ধান দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। শুধু কোম্পানীগঞ্জ নয়, পুরো নোয়াখালীর মানুষ এ আবিষ্কারে উচ্ছ্বসিত।