News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

৩৩ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2026-01-19, 9:08am

etw4543534-711319603e37e34f1f9f13351e643a761768792108.jpg




চলতি করবছরে এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে চলতি বছর ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিক ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। 

রোববার পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা এরই মধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন।

তবে যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। চলতি বছর প্রবাসী বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এখন পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করদাতা তাদের ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে দাখিল করেছেন।

অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিল আপলোড করতে হয়না। ব্যক্তি করদাতারা যাতে ঘরে বসেই আয়কর পরিশোধ করে সহজে রিটার্ন দাখিল করতে পারেন সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সব প্রচেষ্টা অব্যাহত আছে। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।