
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মানবসেবাই ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র ব্রত। ১২৭ বছর আগে তিনি যেটা চিন্তা করেছিলেন তা হলো অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। তিনি নিজ হাতে রামকৃষ্ণ মিশনের যে প্রতীক এঁকেছেন, সেটিই বলে দেয় তিনি অসাম্প্রদায়িক সমাজ, জাতি ও বিশ্বব্যবস্থায় বিশ্বাসী ছিলেন।
সোমবার (১ মে) রাতে নগরীর ওয়ারীস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনের ১২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ত্যাগ ও অকৃত্রিম ভালবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। তিনি ১৪ বছর কারাবাস করেছেন। শুধুমাত্র মানুষের মুক্তির কথা বিবেচনা করেই তিনি নিজেকে উৎসর্গ করেছেন। যে ত্যাগের কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন সেটা পুরোপুরি ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, সেবার আদর্শে জাতির পিতা যেমন নিজের পুরো জীবন দিয়ে কাজ করেছেন তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজের পুরো জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছেন। মায়ের মমতায় তিনি বাঙালি জাতিকে ধারণ করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।