News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

বিসিএসের মৌখিক পরীক্ষায় পরিবর্তন আনছে পিএসসি

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-02-03, 3:17pm




পিএসসি সূত্রে জানা গেছে, অনেক সময় প্রার্থীকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। কিন্তু কিছু প্রার্থী সব প্রশ্নের উত্তর দিতে পারেন না। মৌখিক পরীক্ষার বোর্ডে অনেক পরীক্ষক বলেন, তিনি কী পড়াশোনা করেছেন যে এটা জানেন না! ‘আপনি এটা জানেন না আর বিসিএস পরীক্ষা দিতে এসেছেন?’ এতে প্রার্থী মন খারাপ করতে পারেন বা ঘাবড়ে যেতে পারেন। এমন কোনো কথা আর বলা যাবে না।

মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে স্বাভাবিক আচরণ করার পরিবেশ তৈরি করার বিষয়টিও সভাতে আলোচনা হয়েছে। সেখানে প্রার্থী কতটা জানেন, সেটি বের করে আনতে হবে। যে প্রশ্নে প্রার্থী ঘাবড়ে গিয়ে তার স্বাভাবিক আচরণ ব্যহত হতে পারে—এমন প্রশ্ন করা যাবে না।

প্রার্থী যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে তাকে ভাইভা বোর্ডে এ প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে হেয়, খাটো কিংবা কটাক্ষ করা যাবে না। প্রশ্নের উত্তর বলতে না পারার কারণে তিরস্কারও করা যাবে না। এ ছাড়া প্রার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করা যাবে না, তাকে ‘আপনি’ বলতে হবে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আমরা পিএসসিকে এমন একটি স্থানে নিয়ে যেতে চাই, যাতে এ নিয়ে মানুষের প্রশ্ন না থাকে। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সবার কাছে গ্রহণযোগ্য করতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। এ জন্য সব পরীক্ষায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি।

ভাইভা বোর্ডে প্রার্থীর রোল নম্বর ছাড়া আর কিছুই থাকবে না। যাতে তার ব্যক্তিগত কোনো তথ্য কোনো পরীক্ষককে প্রভাবিত করতে না পারে। তবে এই পরিবর্তনগুলো এক দিনে আসবে না। সময় লাগবে। আমরা সেটি নিয়ে কাজ করছি বলেও জানান পিএসসির চেয়ারম্যান। তথ্য সূত্র আরটিভি নিউজ।