News update
  • France Arrests More Than 1,300 After Nationwide Protests     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     
  • Guterres alarmed at Israel’s sweeping closures after deadly Hebron attack     |     

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে ব্যবসা করলে আইনি ঝুঁকিতে পড়বেন প্রবাসীরা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-10-25, 5:40pm

maalyyeshiyyaayy_oyyaark_paarmitt_niyye_bybsaa_krle_aaini_jhunkite_prrben_prbaasiiraa-429819271214de7e739b17c24787dced1792928400.jpg




মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে থাকা বিদেশি কর্মীদের অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা বা ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ ধরনের নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম উতুসান মেলায়ু প্লাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, কর্মসংস্থানের অনুমতিপত্র (PLKS) নিয়ে থাকা বিদেশি কর্মীরা যথাযথ অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করতে পারবেন না। একইভাবে সামাজিক ভিজিট পাসধারীদের ক্ষেত্রেও এ ধরনের বিধিনিষেধ প্রযোজ্য।

তিনি বলেন, স্থানীয় নাগরিকদের ব্যবসায়িক লাইসেন্স ব্যবহার করে বিদেশিদের অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নজরদারি এবং অভিযান জোরদার করা হবে।

অবৈধ ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর পরিকল্পনাকারী, ব্যবসার মালিক ও সহযোগীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এ সতর্কবার্তা গুরুত্বপূর্ণ। কাজের অনুমতিপত্র নিয়ে দেশটিতে অবস্থানরত বিদেশি কর্মীদের ভিসার শর্ত মেনে চলার পাশাপাশি ব্যবসা-সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রযোজ্য আইন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সামান্য অসতর্কতা কিংবা নিয়ম লঙ্ঘনের কারণে আইনি জটিলতায় পড়তে পারেন প্রবাসীরা। তাই মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থান ও কর্মসংস্থান অব্যাহত রাখতে অভিবাসন আইন মেনে চলা জরুরি।