News update
  • Trump assures first lady, VP safe; White House event postponed     |     
  • Bank Resolution Act criticised for allegedly favouring looters     |     
  • Trump says no longer sending Witkoff and Kushner to Pak for Iran talks     |     
  • Iran FM Leaves Pakistan Before US Delegation Arrives     |     
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     

টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-04-26, 6:31am

ed4158e9501102a01d6b3cd1d40e522b1569810ebefb2e48-59d8c82fe0e0487f4404bb62ad75ac531777163480.jpg




ম্যাচজুড়ে ম্যানচেস্টার সিটির আক্রমণের তোড়ে দিশেহারা সাউদাম্পটন মুহূর্তের এক সুযোগ কাজে লাগিয়ে অঘটনের সম্ভাবনা জাগাচ্ছিল। কিন্তু গোল হজমের ধাক্কায়ও লক্ষ্যচ্যুত হয়নি সিটিজেনরা। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ২ গোল করে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে সিটিজেনরা। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি।

শনিবার (২৫ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিন এজাজের গোলে পিছিয়ে পড়ার পর জেরেমি ডকু ও নিকো গঞ্জালেসের গোলে ফাইনাল নিশ্চিত করে সিটিজেনরা।

বলের দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলের। ৬৯ শতাংশ বল পজেশন ধরে রেখে ২৪টি শট নিয়েছে ম্যানসিটি, যার ৬টি লক্ষ্যে ছিল। বিপরীতে সাউদাম্পটনের ৪ শটের ৩টিই লক্ষ্যে ছিল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে গার্দিওলার দল। তবে সিটিজেনদের একের পর এক সুযোগ নষ্টের মাঝেও চমক দেখায় চ্যাম্পিয়নশিপে খেলা সাউদাম্পটন। ৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সেইন্টরা।

মাঝমাঠে প্রতিপক্ষের থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে উঠে সাউদাম্পটন। কয়েকজন সতীর্থের পা ঘুরে বল এজাজের কাছে আসে এবং শরীরটাকে পুরো ঘুরিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল উঁচু শটে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।

গোলের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সিটি। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ডকু, বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।

৮৭ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ম্যানসিটি। দূরপাল্লার বুলেট শটে বল জালে পাঠান গঞ্জালেস।

এই নিয়ে টানা চতুর্থ মৌসুম এফএ কাপের ফাইনালে উঠল ম্যানসিটি। ফাইনালে তারা খেলবে আরেক সেমিফাইনালে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।