News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

কেন ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-14, 7:16pm

niil_jaarsi-245061ff01db949ab5baeeec9c40c1201784034991.jpg




ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী আকাশী-সাদা হোম জার্সির বদলে গাঢ় নীল অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে আর্জেন্টিনা। এ জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিশেষ অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই আবেদন অনুমোদন করেছে ফিফা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর দাবি, এই সিদ্ধান্তে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টিনার সমর্থকেরা। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তেদের দুটি ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের স্মৃতি জড়িয়ে আছে এই গাঢ় নীল জার্সির সঙ্গে। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও  ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ এবং ১৯৯৮ সালে টাইব্রেকারে জয়—দুবারই নীল জার্সিতে খেলেছিল আর্জেন্টিনা।

ইংল্যান্ডের বিপক্ষে আকাশী-সাদা হোম কিটে সুখস্মৃতি খুব একটা নেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ১৯৬৬ ও ২০০২ বিশ্বকাপে এই জার্সি পরে ইংলিশদের কাছে হার মানতে হয়েছিল তাদের। যদিও ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী হোম কিট পরেই।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরেছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়েও সেই জার্সিতেই মাঠে নামবে তারা।

ইংল্যান্ড খেলবে তাদের পরিচিত অল-হোয়াইট কিটে। থমাস টুখেলের দল কোয়ার্টার-ফাইনালে নরওয়ে এবং শেষ ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে সম্পূর্ণ সাদা পোশাক পরে জয় পেয়েছিল। শুধু শেষ ষোলোতে মেক্সিকোর সবুজ-সাদা জার্সির সঙ্গে রঙের সংঘাত এড়াতে সাদা শার্টের সঙ্গে নীল শর্টস ব্যবহার করেছিল থ্রি লায়ন্সরা।