News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

খেলাধুলার মাধ্যমেই ঘটাতে চাই সামাজিক বিপ্লব : আমিনুল হক

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-11-14, 1:02am

aamin_bhaai-316c6dc589e6739dac9ea07c637848b91794596530.jpg




একটি ফুটবল মাঠ, কয়েকটি দলের লড়াই আর হাজারো দর্শকের উচ্ছ্বাস- খেলার এই চেনা দৃশ্যের আড়ালেও লুকিয়ে থাকতে পারে সমাজ বদলের স্বপ্ন। সেই স্বপ্নের কথাই শোনালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে, খেলাধুলার বিস্তার ঘটাতে পারলেই গড়ে তোলা সম্ভব মাদকমুক্ত, সুশৃঙ্খল ও মানবিক প্রজন্ম। আর সেই লক্ষ্য সামনে রেখে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া অবকাঠামো ও প্রতিযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের জমজমাট ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।’

আমিনুল হক জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আমিনুল হক বলেন, 'খেলাধুলাকে শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিযোগিতা আয়োজন করা হবে। ' পাশাপাশি জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার পাশাপাশি কুমিল্লায়ও একটি বিকেএসপি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

দল-মতনির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ‘কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক।’ এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাকারিয়া তাহের আরও বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।