News update
  • Mojtaba Khamenei Named Iran’s New Leader     |     
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     

আবেগঘন বার্তায় রদ্রিগোর পাশে নেইমার ও ভিনিসিউস

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-03-04, 7:22am

0efd72d5bc0cf3e1887b25213381b6d66a323614a568cc0d-d461372d2b1f1c21cee07a7cdb4ceee21772587352.jpg




ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাসের কিছুদিন বেশি। তার আগে ব্রাজিলের ফুটবলে বড় ধাক্কা! হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন দলটির অন্যতম তারকা রদ্রিগো গোয়েস। অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের কারণে ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। প্রিয় সতীর্থের এমন দুঃসময়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার জুনিয়র ও ভিনিসিউস জুনিয়র।

মঙ্গলবার (৩ মার্চ) ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘আজ আমার জন্য সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি। খবরটা শুনেই চোখের সামনে ভেসে উঠল সব কষ্ট, সব যন্ত্রণা, আবার এই ইনজুরির ভয়।’

রদ্রিগোকে ‘আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি’ বলে সম্বোধন করে তিনি আরও যোগ করেন, ‘শুধু একটা অনুরোধ, মাথাটা ঠিক রাখো। এখন সময় প্রিয়জনদের পাশে রাখার। তুমি বলেছিলে, এখন এটা পাওয়ার কথা ছিল না… কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নিয়ে সন্দেহ করার আমরা কে?’

শেষে নেইমারের বার্তা, ‘ছোট ভাই, শক্ত থেকো। তুমি উড়তে উড়তেই ফিরবে। যেমন তুমি আমাকে সমর্থন দিয়েছো, আমিও আছি তোমার পাশে।’

দু’জনের সম্পর্কের ভিত্তি জাতীয় দল। ২০২০ থেকে ২০২৩; এই সময়ে ব্রাজিলের হয়ে ৯টি ম্যাচে একসঙ্গে খেলেছেন তারা, যার মধ্যে ছিল ২০২২ বিশ্বকাপও। ক্লাব ক্যারিয়ারেও মিল আছে, দু’জনেই ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশি ক্লাব সান্তোস এফসির হয়ে।

নেইমারের সহমর্মিতার পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতাও বড় কারণ। ২০২৩ সালের অক্টোবরে একই ধরনের হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। যে চোটকে অনেকেই তার ক্যারিয়ারের অভিশাপী মুহূর্ত হিসেবে দেখেন।

নেইমারের মতোই ভিনিসিউস জুনিয়রও ইনস্টাগ্রাম স্টোরিতে রদ্রিগোর সঙ্গে রিয়াল মাদ্রিদের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভাই আমার, দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থেকো, প্রিয়জনদের কাছাকাছি থাকো। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমরা তোমার অপেক্ষায় আছি।’

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল; দুই দলেই দীর্ঘদিনের সতীর্থ এই দুই উইঙ্গারের বন্ধুত্ব মাঠের বাইরেও সুদৃঢ়।

হঠাৎ এই দুঃসংবাদে ভেঙে পড়লেও মানসিক দৃঢ়তার বার্তা দিয়েছেন রদ্রিগো নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এই ইনজুরিকে সবসময় ভয় পেতাম… হয়তো জীবন ইদানীং একটু কঠিন হয়ে গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘ক্লাবের হয়ে মৌসুমের বাকি অংশ মিস করব, দেশের হয়ে বিশ্বকাপ, যা আমার স্বপ্ন, তাও খেলতে পারব না। এখন আমার কাজ একটাই, শক্ত থাকা। এটা আমার জন্য নতুন কিছু নয়।’

সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবার প্রার্থনা, বার্তা ও সমর্থনের জন্য ধন্যবাদ। তোমরা আমার জন্য অনেক কিছু।’

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে রদ্রিগোকে ভবিষ্যতের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছিল। তার গতি, ড্রিবলিং ও বড় ম্যাচে পারফর্ম করার সামর্থ্য সেলেসাওদের আক্রমণে আলাদা মাত্রা যোগ করত। এই চোটে শুধু রিয়াল মাদ্রিদ নয়, ব্রাজিলও বড় ক্ষতির মুখে পড়ল।