News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন

গ্রীণওয়াচ ডেস্ক বন্যপ্রানী 2026-11-23, 5:36pm

img_20261123_173410-652e9ff0a49b2b9f5a089027fb0712b41795433762.jpg




নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটসহ নানা কারণে গত তিন দশক ধরে বিশেষ করে বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আশঙ্কাজনকহারে কমতে থাকে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী শকুনের সংখ্যা। পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাখিটি এখন মহাবিপন্ন প্রজাতির তালিকায়। এতে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে। তাই এই বিপন্ন পাখির অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে এবার সুন্দরবনে জাহাজে বসছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বনবিভাগ আগামী ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করেছে।

তিন দিনব্যাপী এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম।

এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী। এছাড়া সভায় সরকার ও বন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে বন বিভাগ ও আইইউসিএন সূত্রে জানা গেছে।

বন বিভাগ জানায়, সম্মেলনে বাংলাদেশ সরকারে প্রতিনিধিসহ বিশ্বের ১০টি দেশের ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মী অংশগ্রহণের কথা রয়েছে। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা। এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’র বার্ষিক এই সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হচ্ছে।

এতে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শকুন সংরক্ষণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বনবিভাগ আরও জানায়, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএনর যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। আইইউসিএনর সর্বশেষ তথ্যানুযায়ী দেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। চার থেকে পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। তবে সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ সুন্দরবনের বিভিন্ন স্থান এবং সিলেট অঞ্চলে মেলে এসব শকুনের দেখা। যা ‘সেভ’র উদ্যোগে প্রাণীটিকে চিরতরে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে সংখ্যা বৃদ্ধি করা এবং দেশের আকাশে আবারও ডানা মেলে অবাধ বিচরণের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

আইইউসিএন সূত্র জানায়, এশিয়া মহাদেশে শকুনের বিলুিপ্ত প্রতিরোধ ও শকুনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’ (সেভ) নামে সংস্থাটির। এই সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।

আইইউসিএনর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহাবিপন্ন পাখি শকুনের বিলুপ্তি ঠেকাতে এশিয়া অঞ্চলে ‘সেভ’ ২০১১ সাল থেকে কাজ করছে। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর এই প্রথম বাংলাদেশের সুন্দরবনে জাহাজে বসে ‘সেভ’র বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তর্দেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে এই সম্মেলনে।

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘সেভিং এশিয়া’স ভলচার্স ফ্রম এক্সটিংশন (সেভ) শকুন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। সংস্থাটির আন্তর্জাতিক বার্ষিক সভা এই প্রথমবার এ বছর সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের একত্র করে সংরক্ষণের অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন শকুনের সংখ্যা পুনরুদ্ধারে তৈরি হতে পারে এক নতুন সম্ভাবনা।