News update
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-11-23, 5:50pm

img_20261123_174909-13fccfd954d9ae31d24f0d8e8fd3c1bf1795434606.jpg




ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এদিন দুপুর সোয়া ১টার দিকে তার নেতৃত্বে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপি এক প্রতিনিধি দল।

নাহিদ ছাড়াও বৈঠকে অংশ নেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাদের সঙ্গে সচিবালয়ে যান দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইনও।

বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে— তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি। এছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, আমরা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছি।

তিনি বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।

বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহবান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে।

প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।