News update
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ৪ নভোচারী

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-04-11, 9:28am

artemus-11-4-4ed1062c980bca73ced4c09cf36a1cbc1775878326.jpg




চাঁদ ঘুরে দীর্ঘ ১০ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন নাসার চার নভোচারী। গত ৫০ বছরের মধ্যে এটাই ছিল চাঁদের কক্ষপথে মানুষের প্রথম কোনো সফর। স্থানীয় সময়  শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণের মধ্য দিয়ে শেষ হলো এই ঐতিহাসিক অভিযান।

প্রশান্ত মহাসাগরীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্যারাসুটের সাহায্যে অবতরণ করে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুলটি। উদ্ধারকারী দলগুলো আগে থেকেই সেখানে অপেক্ষমাণ ছিল। এখন হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ফেরার আগে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

গত সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর এটিই ছিল চাঁদে মানুষের প্রথম কোনো অভিযান। এই মিশনে নভোচারীরা মহাকাশের ইতিহাসে যেকোনো মানুষের চেয়ে দূরবর্তী পথ পাড়ি দিয়েছেন।

এই অভিযানটি বেশ কিছু নতুন ইতিহাস তৈরি করেছে। ভিক্টর গ্লোভার চাঁদের কক্ষপথে যাওয়া প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি, ক্রিস্টিনা কচ প্রথম নারী ও জেরেমি হ্যানসেন প্রথম কোনো অ-মার্কিন নাগরিক হিসেবে এই গৌরব অর্জন করেছেন।

আর্টেমিস ২ মিশনকে মূলত ‘আর্টেমিস ৪’-এর প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। প্রকৌশলীরা এখন ওরিয়ন ক্যাপসুলের তাপ-রোধী ঢাল, নেভিগেশন সিস্টেম ও জীবন-সহায়ক প্রযুক্তির তথ্যগুলো বিশ্লেষণ করবেন। লক্ষ্য হলো—অ্যাপোলো যুগের পর প্রথমবারের মতো মানুষকে আবারও চাঁদের বুকে নামানো।

মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য বর্ণনা করে বলেন, ‘এই মহাবিশ্বে আমাদের গ্রহটি একটি বিশেষ ও সুন্দর স্থানে অবস্থিত। আমাদের এই অমূল্য উপহারের কদর করা উচিত।’

অভিযানের শেষ দিন শুক্রবার সকালে নভোচারীদের ঘুম ভাঙাতে নাসা বিশেষ গানের আয়োজন করে। এদিন লাইভ ব্যান্ডের ‘রান টু দ্য ওয়াটার’ এবং জ্যাক ব্রাউন ব্যান্ডের ‘ফ্রি’ গানের সুরে তারা ঘুম থেকে জেগে ওঠেন।