News update
  • BNP celebrates its 48th founding anniversary Tuesday     |     
  • Dengue situation worsens in Pirojpur     |     
  • Hundreds feared stuck in hydropower tunnels in Nepal and Tibet     |     
  • Nepal’s Rasuwa flood disaster: Is there a limit to Human Folly?     |     
  • Ganga needs water too - SANDRP     |     

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, সিভিল সার্জন ভাইরাল

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-09-01, 10:47am

maanikgnyj_reddi_pik-78433c5fc5e81b3b614a0599c15fef971788238051.jpg




মাত্র তিন মিনিটের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ সম্বোধন করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বক্তব্যের ভিডিও। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রীর বক্তব্য শেষে কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।

প্রায় তিন মিনিটের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করেন তিনি। পরে বক্তব্যটি নিয়ে হিসাব কষে দেখা যায়- ‘স্যার’ শব্দটি ব্যবহার হয়েছে ৮১ বার। অর্থাৎ গড়ে প্রায় প্রতি ২ দশমিক ২২ সেকেন্ডে একবার।

এরপর থেকেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় নানা মন্তব্য ও রসিকতা। অনেকের প্রশ্ন- একটি বক্তব্যে স্বাভাবিক সৌজন্যতার সীমা পেরিয়ে এতবার ‘স্যার’ সম্বোধনের প্রয়োজন হলো কেন?

শুধু সিভিল সার্জনই নন, একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের প্রায় এক মিনিটের বক্তব্যেও ‘স্যার’ শব্দটি শোনা যায় প্রায় ১০ বার।

সভায় স্বাস্থ্যমন্ত্রী মাদক, জুয়া, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে ‘স্যার’ বলা সরকারি দাপ্তরিক সংস্কৃতির অংশ হতে পারে। তবে তিন মিনিটে ৮১ বার সম্বোধনের বিষয়টি উপস্থিত অনেকের কাছেই ছিল অস্বাভাবিক এবং দৃষ্টিকটুও।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, বক্তব্যের মূল বক্তব্যের চেয়ে ‘স্যার’ বলার সংখ্যাটিই এখন বেশি আলোচিত।

তবে বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের বক্তব্য জানতে তার  মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।