News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-11-19, 9:24am

img_20261119_092220-8c86fea5e6260b2177d0a7f730627ce41795058665.jpg




আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, বিশ্বে ইসলাম ও খ্রিষ্টধর্ম উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি। এর প্রধান কারণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উচ্চ প্রজনন হার।

পিউ রিসার্চের জ্যেষ্ঠ জনতত্ত্ববিদ কনরাড হ্যাকেট বলেন, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ধর্মান্তরের চেয়ে সন্তান জন্মদানের হার বেশি প্রভাব ফেলছে।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০-২০২৫ সময়ে মুসলিম নারীদের গড় প্রজনন হার ছিল ৩ দশমিক ১ সন্তান। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।

পিউর হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, আর মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩৫ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। বিপরীতে খ্রিষ্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি।

এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, খ্রিষ্টান জনসংখ্যা থাকবে ৩০০ কোটির কিছু নিচে। সে সময় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান সাব-সাহারান আফ্রিকায় বসবাস করতে পারেন। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র হতে পারে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ।

এদিকে, ২০৩০ সালের মধ্যে কানাডায় এবং ২০৬৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টধর্মের অনুসারীর সংখ্যা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোর ধর্মতত্ত্বের অধ্যাপক জেফরি ব্রড।

অন্যদিকে, খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক জিনা জুরলো। তার মতে, উভয় ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও সভ্যতার সংঘাতসংক্রান্ত ধারণা এখনও রয়েছে। এ পরিস্থিতিতে আন্তঃধর্মীয় শিক্ষা ও ব্যক্তিগত যোগাযোগ বাড়ানো জরুরি।

পিউ রিসার্চের ধর্মবিষয়ক গবেষণার পরিচালক অ্যালান কুপারম্যান বলেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধিকে খ্রিষ্টানদের ক্ষতি হিসেবে দেখার কোনো কারণ নেই। তবে গবেষণার ফলাফল এমনভাবে উপস্থাপন করা হতে পারে, যেন এটি দুই ধর্মের মধ্যে প্রতিযোগিতা বা সংঘাতের বিষয়।

বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় জনসংখ্যার এই পরিবর্তনকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে না দেখে বৈশ্বিক জনমিতিক পরিবর্তনের অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

সূত্র: এপি