News update
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক মৎস 2026-09-12, 6:45pm

img_20260912_184449-4c481b87b832aef45b930466730fa5d81789217136.png




আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে। খবর এএনআইয়ের।

সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন। তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজার উৎসব উপলক্ষে মাত্র ১ মাসের বিশেষ সময়সীমার জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে, যা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

আমদানিকারকরা দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয় একটি খাবার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।