News update
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     
  • Dhaka Seeks Ganges Treaty With Guarantee on Water Share     |     
  • Navi Pillay Wins 2026 Nobel Peace Prize     |     
  • Bangladesh Steps Up Anti-Trafficking Efforts, US Says     |     
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     

সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই : জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-09-17, 11:26pm

jaamaayyaat_aamir-7152b77aedd55705e975036569064d9a1789665993.jpg




জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বেশি হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলরুমে ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার : বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিক দুবাই গেলে তাকে বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত দিচ্ছেন সেখানকার সরকারি কর্মকর্তারা। কোনো কারণও ব্যখ্যা করা হচ্ছে না। বলা হচ্ছে ভিসা অকার্যকর। নাগরিকরা এভাবে ফিরে আসবেন তা শুধু চাকরির অধিকার হরণ নয়, দেশকে অপমানের শামিল। এই ফিরে আসার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণসমূহ সমাধান করা সরকারের দায়িত্ব। সপ্তাহের সপ্তাহ গড়িয়ে গেলেও সমাধান না হওয়ায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, কিছু ব্যক্তি, দল ও গোষ্ঠী আছে তারা ঘুষ ও মানুষের উপর জুলুম ছাড়া বাঁচতে পারে না। কিন্তু জাতি তাদের কাছে অসহায় হয়ে আত্মসমর্পন করার প্রশ্নই উঠে না। বাঙালি বীরের জাতি, তাদের লড়াই করে নিজের অধিকার আদায় করতে হবে।

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে যতগুলো ওয়াদা দিয়েছিল, তার সবগুলো অবলীলায় অস্বীকার করছে, উল্টো পথে চলছে। গণভোটের আহ্বান জানানোর পর এখন মানবে না, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলেছিল, এখন কিছুই করবে না। স্বাধীন বিচার বিভাগে এখন তালা লাগিয়েছে, দুদক, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন স্বাধীন না করে দলীয় কর্মীকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

শফিকুর রহমান বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের কথা বলা বন্ধ করার চেষ্টা করা হলে তাতেও বাধা দেবো। যদি দেখি মুক্ত কণ্ঠকে স্তব্ধ করার জন্য আইন করা হচ্ছে- তাহলে তা মানবো না। তিনি বলেন, আমরা পরিস্কারভাবে চাই মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হোক। তবে অসৎ কোনো ব্যবসায়ী ও প্রতিষ্ঠান যেন তাতে সুবিধা না পায়। ২৫টি এজেন্সিকে সিলেক্ট করে তাদের অধীনে অন্য এজেন্সিকে কাজ করার ব্যবস্থা এবং পূর্বের অভিজ্ঞতা না থাকা এজেন্সিকে সিলেক্ট করার সমালোচনা করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বিশিষ্ট রাষ্ট্র চিন্তক সাবেক কূটনৈতিক সাকিব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতাহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য মো. নেয়ামুল বশির, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও জাতীয় নেতারা উপস্থিত ছিলেন।