News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-10-20, 3:26pm

img_20261020_152557-44b2b9f902839b7d906c0ef193bc35a71792488380.jpg




প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায়। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা না করে, কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরা উচিত। কিছুদিন যাবত আমরা দেখেছি আমরা যেই ঐক্যটি তৈরি করতে চাচ্ছি, বর্তমান সরকার যেই ঐক্যটিকে তৈরি করতে চাচ্ছে, বর্তমান সরকার সকলকে নিয়ে যেখানে চলতে চাইছে, আমরা দেখছি একটি মহল বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু দেশের মানুষ তা ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানকেও ‘কোনো কোনো মহল’ বিতর্কিত করার চেষ্টা করছে। আমি সকলকে সঙ্গে নিয়ে, গণতন্ত্রকামী সকল জনগণকে একসঙ্গে নিয়ে গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে বলতে চাই, দয়া করে আপনারা কেউ চব্বিশের ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটিকে দয়া করে আপনারা বিতর্কিত করবেন না। কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে সংসদে তা তুলে ধরুন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। সেখানে বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য যা ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বর্তমান সরকার এমন একটি সরকার হতে চায়, এই সরকারকে যে ভোট দিয়েছে তারও সরকার হতে চায় এই সরকার, যে ভোট দেয়নি তার জন্যও এই সরকার সরকার হতে চায়। সব এলাকার উন্নয়ন রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সুষমভাবে করতে চায় সরকার।

রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, রংপুর মহানগরের উন্নয়নের জন্য দুই সপ্তাহ আগে একটি সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জেলা পরিষদকে কাজে লাগিয়ে রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের মানুষের প্রয়োজন অনুযায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, মানুষের প্রয়োজন বিবেচনায় ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজসহ যেসব অবকাঠামো দরকার, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষ যেন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সেই বিষয়ে সরকার কাজ করতে চায়। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারলেই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। এ জন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।