
হাম ও উপসর্গ নিয়ে আজ মারা গেছে তিন জন। হাসপাতালে ভর্তি এক হাজার ১৩৪ জন। সংক্রমিত এ রোগে কাবু হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। কারও কারও ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। আর অপুষ্টিতে ভোগা শিশুরা কাহিল হচ্ছে দ্রুতই। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের দ্বারস্থ হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
সোমবার (১ জুন) রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে গিয়ে এ তথ্য জানা গেছে।
শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন হামে। ৩৫ বছর বয়সী হাসান মাহমুদ সুমনকে মাত্র দুই দিনেই কাবু করেছে এ রোগ। বান্দরবানের লামায় চিকিৎসকেরা অসহায়ত্ব প্রকাশ করায় এসেছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখনও তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার।
শুধু হাসান মাহমুদ সুমন নয় হামে আক্রান্ত হয়ে প্রাপ্তবয়স্ক ৪২ জন ভর্তি আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে। তাদের মধ্যে ৫ জনকে আইসিইউতে নিতে হয়েছে।
সংক্রমণ না কমার বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। এখনও ডিএনসিসি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, টিকার কার্যকারিতার সুফল পেতে সময় লাগবে। এছাড়া, পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত।
ডিএনসিসির নবজাতক, শিশু, কিশোর রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. নন্দিতা সাহা বলেন, হার্ড ইমিউনিটির কথা যদি চিন্তা করা হয়, তাহলে মাসখানেক সময় দিতে হবে। যেটা এখন বৃদ্ধির দিকে মানে টিকার উপকারিতা আমরা পাবো। টিকার কোনো বিকল্প নেই। তবে টিকার ফিডব্যাক পেতে এখনও সময় লাগবে। আমরা সম্পন্ন পাইনি এখনও। যে শিশুরা অপুষ্টির শিকার তাদের মধ্যে হামের ভয়াবহতা বেড়ে যাচ্ছে।
জটিলতা এড়াতে লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসা শুরুর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।