
রুশ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী লোকশিল্পের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দিতে ঢাকায় মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাসের আয়োজন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের সহযোগিতায়।
আয়োজকেরা জানান, সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্যাস্টেল, জলরং ও পোস্টার কালারের মাধ্যমে ঐতিহ্যবাহী রুশ মাতরিয়োশকা পুতুল রঙ করার কৌশল শেখেন।
পুরো কর্মশালাজুড়ে ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণাময় পরিবেশ। অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি মাতরিয়োশকা পুতুলের ইতিহাস, প্রতীকী তাৎপর্য এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কেও জানতে পারেন।
আয়োজকেরা বলেন, এই ব্যতিক্রমধর্মী মাস্টার ক্লাস সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। একই সঙ্গে এটি সৃজনশীল শিক্ষার প্রসারের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।