News update
  • US urges global partners to increase contributions for Rohingyas     |     
  • 18 Rohingyas rescued after boat capsizes off Teknaf, many missing     |     
  • India Says Hasina Cannot Conduct Politics From Its Soil     |     
  • Bangladesh’s Bat-Making Hub Eyes Global Cricket Market     |     
  • Landslide Deaths: Rohingya Refugees Pay For A Warmer Climate      |     

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-07-31, 8:50pm

img_20260731_204738-f7f12c9f7328b6b4ba91af65267d55421785509476.jpg




মুক্তিযোদ্ধা কল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে নতুন কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া কমিটিতে রয়েছেন একজন প্রতিমন্ত্রী, চারজন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ২৭ জুলাই (সোমবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮–এর ১৩ ধারার বিধান অনুযায়ী ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন কমিটি ট্রাস্টের আইন, বিধিমালা ও ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব বাস্তবায়নের পাশাপাশি ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি করবে। এ ছাড়া অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, হিসাব নিরীক্ষা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বও পালন করবে।

পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারের প্রত্যাশা, পুনর্গঠিত এ নির্বাহী কমিটির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।