
যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরের এতটা কাছাকাছি আগে কখনও ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আব্বাস আরাঘচি বলেন, ‘চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের অনুমানভিত্তিক নিউজ করা থেকে বিরত থাকা উচিত।
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি অংশ হিসেবে যথাসময়ে সব তথ্য জনগণের সঙ্গে ভাগাভাগি করা হবে।’
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই পোস্টটি নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তেহরানের তীব্র সমালোচনা করেছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে প্রকাশিত শর্তগুলো ‘ভুয়া খবর’ এবং লিখিতভাবে যেসব শর্তে উভয় পক্ষ সম্মত হয়েছে, তার সঙ্গে এর ‘কোনো সম্পর্ক নেই’।
তিনি আরও লেখেন, ‘তাদের সঙ্গে কাজ করা অত্যন্ত অসম্মানজনক। তাদের সঙ্গে সৎ উদ্দেশ্যে কাজ করার কোনো সুযোগ নেই।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একদিকে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে একটি সমঝোতা চুক্তি কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছেন।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে টানা দুই দিন ধরে হামলা চালায়। বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার কথা জানান তিনি। তথ্যসূত্র: আল জাজিরা, সিএনএন