News update
  • PM Urges People of All Faiths to Build Desired Bangladesh     |     
  • Bangladesh Moves to Tap Vast Potential of Blue Economy     |     
  • Five-Day Holiday Rush: Crowds Swamp Dhaka Bus Terminals     |     
  • Dhaka Ranks Seventh Among 126 Cities on Tuesday     |     
  • BD Consulate in Toronto tops global ranking for Diplomatic Service     |     

হুথিদের হামলার মুখে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-20, 3:34pm

saudi-4ced0e3abe1ac578c40152b1a2cf65831792488868.jpg




ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের অব্যাহত প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে তাদের মর্যাদাপূর্ণ বৈশ্বিক বিনিয়োগ সম্মেলন ‘ডেভোস ইন দ্য ডেজার্ট’ স্থগিত করেছে সৌদি আরব। চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই মেগা ইভেন্টটি আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর এই সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার ঝুঁকির কারণে এটি স্থগিত করা হয় এবং আগামী বছর নতুন তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনতে মিশারি আল সৌদ জানিয়েছেন, অংশীদার, সদস্য ও বক্তাদের নিরাপত্তার প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি তাদের দশম মাইলফলক সংস্করণ হওয়ায় আয়োজনের মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আদলে অনানুষ্ঠানিকভাবে ‘ডেভোস ইন দ্য ডেজার্ট’ (ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বা এফআইআই) নামে পরিচিত এই শীর্ষ সম্মেলনটি সৌদি আরবের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে পর্যটন, প্রযুক্তি ও ক্রীড়ামুখী করার উচ্চাভিলাষী রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। এবারের সম্মেলনে গুগল, গোল্ডম্যান স্যাকস ও ব্ল্যাকরকের শীর্ষ কর্তাসহ বিশ্বের নামী-দামী বিনিয়োগকারী ও কর্পোরেট প্রধানদের যোগ দেওয়ার কথা ছিল।

এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত মারাত্মকভাবে তীব্র আকার ধারণ করেছে। হুথিদের হামলায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

রাজধানী রিয়াদে চলমান এই নিরাপত্তা ঝুঁকির কারণে সরকারি ও বেসরকারি অফিসগুলোও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। রিয়াদের বিভিন্ন সরকারি দপ্তর এবং কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের বহুজাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের চলতি সপ্তাহে বাসা থেকে (রিমোট ওয়ার্ক) কাজ করার নির্দেশ দিয়েছে। এমনকি রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক অফিস সংবলিত কিংডম সেন্টার টাওয়ার থেকেও কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরে থাকার অনুরোধ করা হয়েছে।