News update
  • Jatiya Party routed in its fortress, Rangpur     |     
  • Climate change cuts hilsa catch, raising long-term risks     |     
  • Jamaat Ameer calls meeting with Tarique 'an important moment     |     
  • BNP govt to take office with economy at a crossroads     |     

টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2026-02-16, 11:41am

4r5t43523234-bcd1dbe3537a9566667d4d5a5d0e0ea81771220511.jpg




কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির ‘পাখি মাছ’। স্থানীয়ভাবে মাছটি ‘মাইট্যা’ বা ‘পাখি মাইট্যা’ নামে পরিচিত। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। 

উপকূলীয় এলাকায় সচরাচর এত বড় আকারের এই প্রজাতির মাছ দেখা যায় না বলে জানান স্থানীয়রা। পরে ভালো দামের আশায় মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের ধারণা, এটি ‘সেইলফিশ’ বা মার্লিন প্রজাতির মাছ। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের ওপরের পাখনাটি ডানার মতো প্রসারিত থাকে। এই বৈশিষ্ট্যের কারণেই জেলেরা একে ‘পাখি মাছ’ নামে ডাকেন। গভীর সমুদ্রের মাছ হওয়ায় উপকূলের কাছাকাছি এত বড় আকারের মাছ ধরা পড়া বিরল ঘটনা।

ট্রলার মালিক শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা সব্বির আহমেদ জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। বাজারে আনার পর ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২০০ কেজি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৪০ হাজার টাকায় এটি বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে মাছটি সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় বাজারে বড় আকারের মাছের চাহিদা ও দাম সীমিত হওয়ায় অধিক লাভের আশায় বিশেষ ব্যবস্থাপনায় মাছটি চট্টগ্রামের বাজারে পাঠানো হচ্ছে।