News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

রোমান সানার শাস্তি শর্তসাপেক্ষে কমালো ফেডারেশন

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2023-03-08, 12:32pm

resize-350x230x0x0-image-214967-1678255230-6e6b73ebc17091e17e4973dea52d1acb1678257141.jpg




রোমান সানাকে বাংলাদেশের আর্চারির ‘পোস্টারবয়’ বলা হয়। কিন্তু গতবছর শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই আর্চারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এরপর ফেডারেশনের কাছে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তখন বিষয়টি আমলে না নিলেও তার আপিলের প্রেক্ষিতে অবশেষে শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশ আর্চারি ফেডারেশনের এক জরুরি নির্বাহী সভায় রোমানের শাস্তি শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রায় সাড়ে তিন মাস নিষেধাজ্ঞায় থাকার পর আবারও মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন রোমান। সবকিছু ঠিক থাকলে আসন্ন প্যারিস অলিম্পিকে লাল সবুজের পতাকা প্রতিনিধিত্ব করবেন দেশের অন্যতম সেরা এই আর্চার।

সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, ‘রোমানের অতীত পারফরম্যান্স ও ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে তার শাস্তি শর্তসাপেক্ষে শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ৯ মার্চ থেকে অনাবাসিক অনুশীলন এবং ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাবে।’

তবে শাস্তি কমানোর জন্য ফেডারেশন থেকে রোমান সানাকে কয়েকটি শর্ত আরোপ করা হবে। এর মধ্যে মিডিয়ায় কথা বলায় নিষেধাজ্ঞা অন্যতম। আরেকটি শর্ত রোমান সানা টঙ্গীস্থ আর্চারি ক্যাম্পে আবাসিকভাবে অবস্থান করতে পারবেন না। প্রয়োজনে শহীদ আহসান উল্লাহ মাস্টার আর্চারি স্টেডিয়ামের আশপাশে বাসাভাড়া করে দেবে ফেডারেশন। খেলোয়াড় হিসেবে প্রতিশ্রুতিশীল হওয়ায় রোমানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চপল।

এদিকে জাতীয় দলে প্রবেশাধিকার ও আন্তর্জাতিক অঙ্গনে রোমান দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন কি না এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সে পর্যবেক্ষণে থাকবে। ট্রায়ালে যদি ভালো পারফরম্যান্স করেন তাহলে তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবার সভা হবে। তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এর আগে গত বছরের ১৪ নভেম্বর রোমানা সানাকে দুই বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের খেলাধুলা থেকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন দেশসেরা এই আর্চার। তথ্য সূত্র আরটিভি নিউজ।