News update
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     
  • Bangladesh Inflation Rises to 8.34% in September     |     
  • GDP growth accelerates to 3.68% in FY26     |     
  • Bangladesh eyes over $10b bilateral trade with Indonesia     |     
  • Prioritise Multilateralism to Resolve Iran War Humanitarian Crisis     |     

কুয়াকাটার আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড

আদালত 2026-06-18, 11:37pm

seven-sentenced-to-prison-in-kuakata-anti-drug-drive-c5df833f194ae273214a4442aab431701781804239.jpg

Seven sentenced to prison in Kuakata anti-drug drive



কলাপাড়া (পটুয়াখালী):  পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন রাত ২ টার দিকে ) কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানকালে অভিযুক্ত যুবকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১টি হুইস্কি মদ জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের মো. আরিফ বেপারী (২২), কুয়াকাটার তুলাতলী এলাকার মো. হাসান মৃধা (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার মুরাদপুর গ্রামের নিরব প্রামাণিক (২১), রাজবাড়ীর দুর্গাপুর এলাকার মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মো. বাপ্পি (১৯) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মো. বিল্লাল (২২)।

এদের মধ্যে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, ‘মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ - গোফরান পলাশ