
ABM Mosharraf Hossain MP was accorded a reception by the Kalapara Chowki Court Lawyers Association on late Wednesday afternoon.
পটুয়াখালী: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, 'কলাপাড়া উপকূলীয় দুর্গম এলাকার বিচার প্রার্থী মানুষের সুবিধার জন্য যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালী থেকে ইতিমধ্যে কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে। নতুন করে একটি যুগ্ম দায়রা জজ আদালত কলাপাড়ায় স্থাপন করা হয়েছে। এছাড়া কলাপাড়ায় নতুন জাজেস কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। আমি আপনাদের সাথে আছি। এলাকার জন্য যদি কিছু করা যায় সেটি আমার জন্য অনেক আনন্দের।' বুধবার শেষ বিকেলে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি আয়োজিত সাংসদ এবিএম মোশাররফ হোসেনকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি আরও বলেন, 'ভালো কিছু করা, পরিবর্তনের জন্য কাজ করতে সকলের পরামর্শ চাই। আপনাদের সাথে নিয়ে আগামী দিনে কলাপাড়া কে নতুন করে গড়তে চাই।'
চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
এর আগে এমপি এবিএম মোশাররফ হোসেন বার ভবনে এসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবী নেতৃবৃন্দ। পরে তাঁকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ।
পরে আইনজীবীদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন এবিএম মোশাররফ হোসেন এমপি। - গোফরান পলাশ