News update
  • 109 BGB Platoons Deployed in Dhaka, Five Other Districts     |     
  • Bangladesh-Denmark May form Trade and Investment Committee      |     
  • Bangladesh—Pakistan trade crosses $1 b     |     
  • Dhaka Ranks 5th Among World's Most Polluted Cities on Friday      |     
  • PM seeks to make Bangladesh a reliable brand in global livestock market     |     

সৌদিতে হুথি হামলার নিন্দা, নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার পাকিস্তান-তুরস্কের

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-11-28, 10:18am

macca_allaiance-069801005506ea782719219e950303431795839498.jpg




সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে তিন দেশের শীর্ষ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। কমিটিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিন দেশের প্রতিনিধিরা।

দার বলেন, সৌদি আরবের বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের ধারাবাহিক ও ‘জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে তিন দেশ। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং আরও জোরদার করার অঙ্গীকারও করেছে তারা।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌপরিবহন ব্যবস্থাকে লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত হুথিরা। গত ২৩ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে সন্দেহভাজন হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন।

শুক্রবারের বৈঠকে এসব হামলার বিষয়টি গুরুত্ব পাওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কোনো পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ৫ অক্টোবর রিয়াদে চুক্তিভুক্ত দেশগুলোর জরুরি বৈঠকে সৌদি আরবে সেনা ও সামরিক সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে সম্মত হয়েছিল কমিটি।

পাকিস্তান আগেই সৌদি আরবের ভূখণ্ড রক্ষার অঙ্গীকার করেছে। তবে ইয়েমেনের ভেতরে হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি নাকচ করেছে ইসলামাবাদ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও গত সপ্তাহে দেশটির গণমাধ্যমকে বলেছিলেন, সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা করাই আঙ্কারার বর্তমান নীতি। তিনি বলেন, ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

দার জানান, শুক্রবারের বৈঠকে জোটের আগের বৈঠকগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

দার বলেন, প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তি উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিন দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর লক্ষ্য পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীগুলোর সম্মিলিত সক্ষমতা ও সমন্বয় বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, সামরিক ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা একত্র করাই এই জোটের কৌশলের মূল ভিত্তি। বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, সদস্য দেশগুলোর লক্ষ্য নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে আরও শক্তি অর্জন, প্রভাব বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখা।

ফিদান আরও জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার বিষয়েও কথা হয়েছে। পাশাপাশি জোটে নতুন দেশ অন্তর্ভুক্তির সম্ভাব্য রূপরেখা নিয়ে কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতোমধ্যে কয়েকটি আঞ্চলিক দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত আগস্টে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, মিশরও সম্ভাব্য সদস্য হতে পারে।