News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, কী নিয়ে আলোচনা?

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-03-18, 7:54am




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় দিল্লিতে তাদের সাক্ষাৎ হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাক্ষাতের সময় তারা দু’জন উপহার বিনিময় করেন। মার্কিন গোয়েন্দাপ্রধানকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের (যেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল) ‘গঙ্গাজল’ উপহার দেন মোদি।

পরে এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তুলসী গ্যাবার্ডকে ভারতে স্বাগত জানিয়ে মোদি বলেন, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের উভয়ের মধ্যে মতবিনিময় হয়েছে।

তিনি লেখেন, ‘উভয় দেশ (ভারত ও যুক্তরাষ্ট্র) সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

দুই মাসের মধ্যে এটি ভারতের প্রধানমন্ত্রীর সাথে গ্যাবার্ডের দ্বিতীয় বৈঠক। এর আগে, গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন মোদি ও গ্যাবার্ডের সাক্ষাৎ হয়েছিল।

সেই সময়ও, মোদি এবং গ্যাবার্ড সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তার মতো হুমকি মোকাবিলায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে, তুলসী গ্যাবার্ড ভারত-মার্কিন অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য গোয়েন্দা তথ্য শেয়ারসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন।

তার আগে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দেখা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস