News update
  • US Supreme Court Voids Donald Trump Global Tariffs     |     
  • India looks forward to engaging with new govt in Bangladesh     |     
  • No more running after doctors, services to reach doorsteps     |     
  • ‘Revolutionary’ shift in economy, stock market soon: Amir Khashru     |     
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     

বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-02-19, 6:15pm

ertwrtwetert-3bb2cecd7b406a3430b03b14d519043d1771503324.jpg




সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে ছুটি থাকবে মোট ৬৭ দিন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, বড় ছুটির মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বিদ্যালয় বন্ধ থাকবে; যা আজ থেকেই শুরু হয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং বছরের শেষে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসের জন্য নির্দিষ্ট দিবসগুলোতে ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে ছুটির তালিকার পাশাপাশি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

সে অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। নির্বাচনি পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মন্ত্রণালয় নির্দিষ্ট তারিখও নির্ধারণ করে দিয়েছে।

পরীক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না। বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে; কোনোভাবেই বাইরে থেকে সংগৃহীত প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না। বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা নিষিদ্ধ, তবে একান্ত প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া বা শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি পরিদর্শনের সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভর্তি কার্যক্রম বা অন্য পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশও দেওয়া হয়েছে।