
এশিয়ান গেমস শুরুর আগেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে জ্যোতির পর বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছিল নানা আলোচনা।
এর মধ্যে জ্যোতির সঙ্গে বিসিবির সম্পর্কের অবনতি নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নতুন অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন দীর্ঘদিনের সহ-অধিনায়ক নাহিদা আক্তার। আর তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি।
রোববার (১৮ অক্টোবর) বিসিবির বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে নাহিদা আক্তরকে চূড়ান্ত করেছে বিসিবি। এর আগে সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে নেতৃত্ব পাওয়ার দৌড়ে নাহিদাকে এগিয়ে থাকার কথা জানানো হয়েছিল।
২০২২ সালে থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জ্যোতি। তবে গত এশিয়া কাপের পর এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া এবং ক্রিকেটার হিসেবে দলের জন্য বেশি অবদান রাখার লক্ষ্যকেই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
জ্যোতির সিদ্ধান্তটি অবশ্য বিসিবির জন্য পুরোপুরি প্রত্যাশিত ছিল না। এশিয়ান গেমসের আগে জাপান থেকে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। বিষয়টি নিয়ে বোর্ডের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছিল বলে জানান বিসিবি কর্মকর্তারা।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম ক্রিকবাজকে জানান, নির্বাচন প্যানেলের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই নাহিদাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করায় নাহিদার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।
জ্যোতি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তন আসছে না। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাবেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দলের অধিনায়ক ছিলেন জ্যোতি। ফলে টি-টোয়েন্টিতে নতুন নেতৃত্ব এলেও ওয়ানডেতে তার অভিজ্ঞতার ওপরই আস্থা রাখছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের পরবর্তী টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট থাইল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা টাইগ্রেসদের। নতুন অধিনায়ক হিসেবে নাহিদার নেতৃত্বের প্রথম বড় পরীক্ষাগুলোর একটি হতে পারে এই প্রতিযোগিতা।