
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নতুন কিছু নয়। তবে এবার শুধু ব্যর্থতার হিসাব নয়, সেই ব্যর্থতার নেপথ্যের কারিগরি সমস্যাও সামনে নিয়ে এলেন সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার চোখে বাংলাদেশের ব্যাটারদের বড় দুর্বলতা ফুটওয়ার্ক। বিশেষ করে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে এই ঘাটতি স্পষ্ট। অন্যদিকে, কঠিন কন্ডিশনে অভিষেক হওয়া তরুণ মাহফিজুল ইসলাম রবিনের মধ্যে দেখেছেন সম্ভাবনার ঝলক।
গত ১৫ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেক হয়েছিল মাহফিজুল ইসলাম রবিনের। দুই টেস্টের সিরিজে সুযোগ পেলেও শুরুটা মোটেও সুখকর হয়নি তার। অভিষেক টেস্টে কাগিসো রাবাদার করা প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। পরের ইনিংসে কিছুটা থিতু হলেও বড় করতে পারেননি ইনিংস। দ্বিতীয় টেস্টেও দেখা মেলেনি বড় রানের।
দক্ষিণ আফ্রিকার গতিময় ও বাউন্সি উইকেটে রাবাদা, মার্কো ইয়ানসেন ও আনরিখ নর্কিয়াদের সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম টেস্টে ৯ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে বড় ইনিংস না থাকলেও রবিনের টেম্পারামেন্ট, আত্মবিশ্বাস এবং উইকেটে টিকে থাকার লড়াইকে ইতিবাচকভাবে দেখছে টিম ম্যানেজমেন্ট।
রবিনের ব্যাটিংয়ে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তরুণ এই ব্যাটারকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।
ডোনাল্ড বলেন, 'রবিনকে বেশ ভালো ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। তার ব্যাটিংয়ে ভারসাম্য ছিল, পরিকল্পনাও ছিল গোছানো। সব ধরনের শট খেলার সামর্থ্য তার রয়েছে। যদিও গতকাল (বুধবার) একটি ভুল করেছে। বল ছেড়ে দেওয়ার পর সেটি ভেতরে ঢুকে স্টাম্পে আঘাত করেছে। তবে সামগ্রিকভাবে তার ব্যাটিং বেশ ভালো লেগেছে।'
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে ব্যাট করা যে কতটা কঠিন, সেটি ভালোভাবেই জানেন ডোনাল্ড। তাই রবিনের পারফরম্যান্সকে বিশেষভাবে দেখছেন তিনি। এমনকি গাড়িতে বসে ইউটিউবে ম্যাচের হাইলাইটস দেখেও তরুণ এই ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন সাবেক এই কোচ।
ডোনাল্ডের ভাষায়, 'আমি হাইলাইটস দেখেছি। বলতে গেলে, গাড়িতে বসেই ইউটিউবে পুরো হাইলাইটস দেখেছি। রবিনকে বেশ গোছানো মনে হয়েছে (পেসারদের সামনে)। সে যথেষ্ট আত্মবিশ্বাসী ও দৃঢ়। তার চলাফেরাও বেশ ভালো। সবচেয়ে ভালো বিষয় হলো, তার হাতে সময় আছে বলে মনে হয়। সব মিলিয়ে সে আমাকে মুগ্ধ করেছে। দারুণ ভারসাম্য রেখে ব্যাটিং করেছে এবং বেশ কিছু অসাধারণ শট খেলেছে।'
দুই টেস্টে বড় ইনিংস না থাকলেও রবিনকে এখনই মূল্যায়নের শেষ সিদ্ধান্তে পৌঁছাতে চান না ডোনাল্ড। বরং পর্যাপ্ত সুযোগ ও আস্থা পেলে এই তরুণ নিজেকে প্রমাণ করতে পারবেন বলে বিশ্বাস তাঁর।
তিনি বলেন, 'তবে আমার মনে হয়, রবিনকে যদি যথেষ্ট সুযোগ দেওয়া হয় এবং তার ওপর আস্থা রাখা হয়, তাহলে সে নিজেকে প্রমাণ করতে পারবে। তাকে যদি বলা হয়, ‘পরবর্তী ১০টি টেস্ট ম্যাচ তোমার, নিজের সামর্থ্য অনুযায়ী খেলে দেখাও’—তাহলে আমার বিশ্বাস, তার মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। নিঃসন্দেহে তার মধ্যে প্রতিভা আছে।'
মুমিনুলের ব্যর্থতার নেপথ্যে দুর্বল ফুটওয়ার্ক
রবিনের সম্ভাবনায় আশার আলো দেখলেও বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ ডোনাল্ড। বিশেষ করে মুমিনুল হকের ব্যাটিংয়ে যে সমস্যাটি তাঁর চোখে সবচেয়ে বেশি ধরা পড়েছে, সেটি হলো ফুটওয়ার্কের দুর্বলতা।
প্রোটিয়া সফরে মুমিনুলের শুরু ও শেষ দুটোই হয়েছে ডাক দিয়ে। জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংস এবং সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ মাত্র ১৯ রান।
মুমিনুলের এই ব্যর্থতার কারিগরি কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডোনাল্ড বলেন, 'মুমিনুলের ব্যাটিং নিয়ে বলতে গেলে, পুরো টেস্ট ম্যাচ কিংবা দুই টেস্টের সিরিজজুড়েই তার ব্যর্থতার অন্যতম কারণ ছিল দুর্বল ফুটওয়ার্ক। দক্ষিণ আফ্রিকাকে কৃতিত্ব দিতেই হবে। তারা অসাধারণ বোলিং করেছে। দক্ষিণ আফ্রিকার এই বোলিং আক্রমণ দীর্ঘ সময়ের মধ্যে দেশটির অন্যতম সেরা।'
এরপর তিনি যোগ করেন, 'তাদের বোলারদের ফুলার লেন্থে বল করার কৌশলই মুমিনুলকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে। এমনকি চার মিটারের আশপাশে পিচ করা পূর্ণদৈর্ঘ্যের বলেও সে বারবার পরাস্ত হয়েছে। আজকের (বুধবার) আউটের ক্ষেত্রে কিছুটা দুর্ভাগ্য ছিল তার। লেগ সাইডে ক্যাচ দিয়ে ফিরেছে। কিন্তু আবারও দেখা গেছে, সে ক্রিজের অনেকটা পেছনে চলে যাচ্ছে। বলের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, গ্লাভসে লেগে বল চলে গেছে উইকেটরক্ষকের হাতে। সব মিলিয়ে তার ফুটওয়ার্কের সমস্যাই বড় হয়ে দেখা দিয়েছে।'
মুমিনুলের সমস্যাকে শুধু সাম্প্রতিক ব্যর্থতা হিসেবে দেখছেন না ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে এ ধরনের সমস্যায় আগেও পড়েছে উপমহাদেশের ব্যাটাররা। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে ১৯৯৬-৯৭ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের উদাহরণও টেনেছেন তিনি।
ডোনাল্ডের স্মৃতিচারণ, ‘আমার মনে পড়ে, ১৯৯৬-৯৭ সালে ভারত যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, তখনও একই ধরনের সমস্যায় পড়েছিল তারা। সেই সফরে আমার মনে হয়, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকার ছাড়া আর কেউ সেঞ্চুরি করতে পারেনি। তবে শচীন অন্যদের তুলনায় বেশি ধারাবাহিক ছিলেন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তিনি নিজের ব্যাটিংয়ের মান আরও উন্নত করেছিলেন। তার ফুটওয়ার্ক ছিল অসাধারণ। প্রতিটি ম্যাচের সঙ্গে তিনি আরও ভালো হয়ে উঠেছিলেন।’
শান্তর ব্যাটিংয়েও একই দুর্বলতা
মুমিনুলের পাশাপাশি শান্তর ব্যাটিংয়েও একই ধরনের সমস্যা খুঁজে পেয়েছেন ডোনাল্ড। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার বোলাররা পরিকল্পিতভাবে ফুলার লেন্থে বল করে শান্তকে চাপে ফেলেছেন। আর দুর্বল ফুটওয়ার্কের কারণে সেই চাপ সামলাতে পারেননি বাংলাদেশের অধিনায়ক।
ডোনাল্ড বলেন, ‘আমার মনে হয়, মুমিনুলের ফুটওয়ার্কের সমস্যা পুরো সিরিজেই স্পষ্ট ছিল। দক্ষিণ আফ্রিকার বোলাররা তাকে খুব ভালোভাবে পরিকল্পনা করে বল করেছে। একই সমস্যা শান্তর ক্ষেত্রেও দেখা গেছে। দুবার বল তার ডিফেন্স ভেদ করে স্টাম্পে আঘাত করেছে। জোহানেসবার্গে কাগিসো রাবাদার গতির কাছে পরাস্ত হয়েছিল সে। বলটি এতটাই গতিতে এসেছিল যে লেগ স্টাম্প উপড়ে অনেক দূরে চলে গিয়েছিল।’
শান্তর প্রথম ইনিংসের আউটের ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই কোচ।
‘প্রথম ইনিংসেও নরকিয়ার বলে একইভাবে পরাস্ত হয়েছে শান্ত। এখানেও ফুটওয়ার্কের দুর্বলতা ছিল। বলটি বেশ ফুলার লেন্থে ছিল। শুধু গতির কাছে পরাস্ত হওয়াই নয়, নিজের ভারসাম্যও হারিয়ে ফেলেছিল সে। এটাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দেশের বাইরে দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলতে গেলে এই সমস্যাগুলো আরও প্রকট হয়ে ওঠে।’
সমাধানের পথও বাতলে দিলেন ডোনাল্ড
সমস্যা চিহ্নিত করার পাশাপাশি মুমিনুলের ব্যাটিংয়ে উন্নতির জন্য করণীয়ও জানিয়েছেন ডোনাল্ড। তাঁর মতে, ক্রিজে অবস্থান, পায়ের নড়াচড়া, ভারসাম্য এবং ফুলার লেন্থের বল মোকাবিলার কৌশলে পরিবর্তন আনতে হবে মুমিনুলকে।
ডোনাল্ড বলেন, ‘মুমিনুলের সমস্যার সমাধান হবে না, যতক্ষণ না সে নিজের ফুটওয়ার্ক ঠিক করছে। ফুলার লেন্থের বলে ক্রিজের পেছনে সরে যাওয়া, দুর্বল ডিফেন্স, দ্রুত পা না নাড়ানো—এসব থেকে বেরিয়ে আসতে হবে। ভালো অবস্থানে দাঁড়ানো, শরীরের ভারসাম্য ধরে রাখা এবং সঠিকভাবে বল মোকাবিলা করা খুব জরুরি। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে এসব বিষয়ে শতভাগ প্রস্তুত থাকতে হয়।’
শান্তর ক্ষেত্রেও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন ডোনাল্ড। প্রতিভা ও সামর্থ্য থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী রান করতে না পারায় হতাশ তিনি।
ডোনাল্ডের ভাষায়, ‘শান্তর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সে তার সামর্থ্যের তুলনায় অনেক কম রান করছে। বিষয়টি তার নিজের জন্যও হতাশাজনক হওয়ার কথা। আমার মতে, শান্তর মধ্যে অনেক প্রতিভা ও স্বাভাবিক ব্যাটিং দক্ষতা রয়েছে। কিন্তু সেই অনুযায়ী সে যথেষ্ট সেঞ্চুরি করতে পারছে না, ধারাবাহিকভাবেও রান পাচ্ছে না। সত্যি বলতে, শান্ত এর চেয়ে অনেক ভালো খেলোয়াড়। তার প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। সে দারুণ একজন ক্রিকেটার, ভালো মানুষ এবং প্রতিভার অধিকারী।’
বড় স্বপ্ন নিয়ে গিয়ে বড় হতাশা বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের হারানোর স্বপ্ন নিয়েই সফরে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টে ৪০০-এর বেশি রান করে সেই সামর্থ্যের কিছুটা প্রমাণও দিয়েছিল দল। কিন্তু পরবর্তী সময়ে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারা, গুরুত্বপূর্ণ ভুল এবং নো-বলের মতো বিষয়গুলো শেষ পর্যন্ত দলকে পিছিয়ে দিয়েছে।
বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ ডোনাল্ডও। তার মতে, ঘরের মাঠের পাশাপাশি বিদেশের মাটিতেও ব্যাটারদের কাছ থেকে আরও বেশি রান প্রত্যাশিত।
সাবেক এই কোচ বলেন, 'বাংলাদেশের হয়ে ঘরের মাঠ কিংবা বিদেশ– দুই জায়গাতেই তার আরও বেশি রান করা উচিত। এই ফল বাংলাদেশের জন্য অবশ্যই হতাশার। কারণ দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর স্বপ্ন ও আশা নিয়েই বাংলাদেশ সফরে এসেছিল। প্রথম ম্যাচে ৪০০-এর বেশি রান করে তারা সেই সামর্থ্যের প্রমাণও দিয়েছিল। কিন্তু কিছু গুরুতর ভুল তাদের পিছিয়ে দিয়েছে। নো-বলসহ বেশ কিছু জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভুল করেছে।'
ডোনাল্ডের পর্যবেক্ষণে বাংলাদেশের ব্যাটিংয়ের সমস্যাটা তাই কেবল রান না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিকূল কন্ডিশনে পায়ের সঠিক ব্যবহার, ভারসাম্য ধরে রাখা এবং বলের লাইন ও লেন্থ বুঝে সিদ্ধান্ত নেওয়ার ঘাটতিও বড় হয়ে উঠেছে। তরুণ রবিনের মধ্যে সম্ভাবনা দেখলেও অভিজ্ঞদের এই দুর্বলতা কাটিয়ে ওঠাকেই এখন বাংলাদেশের ব্যাটিং ঘুরে দাঁড়ানোর অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।