News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

পাপনের সঙ্গে যেসব বিষয়ে কথা বলেছেন সাকিব

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-10-30, 11:58am

image-245792-1698637173-ff8000a3fd60a876d844ef991d3d408d1698645530.jpg




চলতি বিশ্বকাপে হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরে টানা পাঁচ ম্যাচ হেরে কার্যত গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচটিতে পাত্তাই পায়নি সাকিব বাহিনী। ডাচদের বিপক্ষে হারের পর এ বিশ্বকাপকেই বাংলাদেশের ‘সবচেয়ে বাজে’ বিশ্বকাপ বলে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এমন লজ্জাজনক পারফরম্যান্স শেষবার কবে দেখিয়েছে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে অনেকেই ২০০৩ বিশ্বকাপের কথা সামনে আনবে। সেবার অপেক্ষাকৃত দুর্বল কানাডার কাছেও হেরেছিল লাল-সবুজেরা। এ ছাড়া ২০১১ বিশ্বকাপে ৫৮ ও ৭৮ রানে সর্বনিম্ন দলীয় স্কোর করলেও ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিকই জয় তুলেছিল টাইগাররা।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে দলের এমন ব্যর্থতা নিয়ে নানান বিষয়ে সাফাই গেয়েছেন টাইগার দলপতি। গণমাধ্যমে বিসিবি বস পাপন নিজেই সেসব বিষয়ে জানিয়েছেন।

বোর্ড সভাপতি জানান, সাকিব নাকি বলছিলেন, ‘এতগুলো ম্যাচে টানা রান না করার ঘটনা আমার জীবনেই কখনো হয়নি। বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে।’

বোর্ড সভাপতির কাছে সাকিবের ভাষ্য, ‘আমি নিজেই তো কিছু করতে পারছি না। অন্যদের তাহলে কী বলব?’

এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের খেলা ম্যাচগুলোতে খুব একটা সাফল্যের দ্যুতি ছড়াতে পারেননি সাকিব। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ মাত্র ৬১ রান করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে বল হাতে সাকিবের শিকার মোটের ওপর ৭ উইকেট। এর মধ্যে আফগানদের বিপক্ষে ৩০ রান খরচায় ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। এ ছাড়া চোটের কারণে খেলেনি ভারতের বিপক্ষে।

এ সময়ে সাকিব নিজেকে নিয়েও হতাশা নাকি ব্যক্ত করেন। সাকিবের মন্তব্য, খুবই হতাশাজনক। এটা মেনে নেওয়া কঠিন। হোটেলে ফিরে ঘুমাতেই পারছিলাম না। শেষ পর্যন্ত রাত সাড়ে তিনটার দিকে একটু ঘুমিয়েছি।

তবে শেষ তিন ম্যাচে ভালো কিছু করতে চান তারা। শনিবার (২৮ অক্টোবর) ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেছিলেন, সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।তথ্য সূত্র আরটিভি নিউজ।