News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

টাইমড আউট : সাকিবের সিদ্ধান্তে যেমন ছিল হাথুরুর প্রতিক্রিয়া

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-09, 11:25am

resize-350x230x0x0-image-247157-1699506357-6299dc0da7a301d6f5899aa54b01f5c71699507550.jpg




প্রায় দেড়শ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে যা আগে ঘটেনি সেটিই ঘটেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ ঘটনার পর থেকে আলোচনায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

গত ৭ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে ঘটে এমন বিস্ময়কর ঘটনা। সেদিন সাকিবের আবেদনের প্রেক্ষিতেই ম্যাথিউসকে আউট দেন আম্পায়ার। টাইগার অধিনায়কের এমন কাণ্ড ভালোভাবে নেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

জানা যায়, সাকিবের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন হাথুরুসিংহে। কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এক সাংবাদিক সেদিন দিল্লির ম্যাচে উপস্থিত ছিলেন। স্বদেশি সেই সাংবাদিক পরবর্তীতে হাথুরুর সঙ্গে যোগাযোগ করলে ঘটনাটি নিয়ে নিজের অসহায়ত্ব এবং অপারগতার কথা জানান।

টাইগারদের প্রধান কোচ ওই লঙ্কান সাংবাদিকের কাছে দুঃখও প্রকাশ করেন। কোচ জানান, মাঠের ব্যাপারটি শুধুমাত্র অধিনায়কের হাতে থাকে বিধায় সেই সময় তার কিছুই করার ছিল না। তবে ঘটনাটিতে নাকি তিনি ভীষণভাবে অবাক হয়েছেন এবং তিনি তা সমর্থন করেন না।

চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুবই বাজে। টানা ছয় ম্যাচ হারার পর লঙ্কানদের বিপক্ষে জয় নিয়ে আর জল ঘোলা করতে চাচ্ছেন না হাথুরু। কেননা, ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আর তাই এই ইস্যুতে মন্তব্য করে বিতর্কে যেতে চান না তিনি।

এদিকে টাইগার বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সেই রাতে বাংলাদেশি এক সাংবাদিকের কাছে ‘টাইমড আউট’-এর বিরোধিতা করে নিজের মতামত দিয়েছিলেন, সঙ্গে অনুরোধও করেছিলেন সেটা না ছাপাতে। তবে নিজের দেশেরই এক নিউজ পোর্টালে টাইমড আউট নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছেন তিনি।

এমনটি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট চলাকালে অনুমতি ছাড়া সাক্ষাৎকার দেওয়াই আচরণবিধির লঙ্ঘন। তার ওপর দলের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। এ জন্য সাবেক এই প্রোটিয়া পেসারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। তথ্য সূত্র আরটিভি নিউজ।