News update
  • Gridlocks in Bonn sets stage for Antalya showdown     |     
  • Army to be deployed in 6 districts ahead of AL’s founding anniversary     |     
  • UK Prime Minister Keir Starmer quits     |     
  • PM Urges Malaysia to Recruit More Bangladeshi Workers     |     

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-23, 6:36am

ea4046927cd6320ee2c424a780fad89f45d3a10873a376af-27bc1788f22f01fb01972ee1c336e3421782174975.jpg




সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে প্রত্যাহার আদেশের একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন মো. সারওয়ার আলম। নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার (২২ জুন) রাতে প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটকাণ্ডের আলোচিত সময়ে গেলো বছরের ১৮ আগস্ট জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে সিলেটে এসেছিলেন সারওয়ার আলম। তবে এবার হযরত শাহজালাল (রহ.) মাজারের মাত্র চার দিনের টাকার হিসাব দেখিয়ে ফের আলোচনার তুঙ্গে থাকা অবস্থাতেই সিলেট ছাড়তে হচ্ছে তাকে।

গত বৃহস্পতিবার জেলা প্রশাসন হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করে এবং মাজার প্রাঙ্গণে নিজস্ব দানবাক্স স্থাপন করে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মাজার-সংশ্লিষ্ট ব্যক্তি ও ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। তারা মাজারের অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়ে এমন প্রশাসনিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই হঠাৎ সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত আসে, যা নিয়ে বর্তমানে সিলেটজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনা চলছে।