
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ এবং উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐক্যমতের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।
সাবেক ক্ষমতাসীন দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে আপনারা লক্ষ করেছেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-এক জায়গায় পেট্রলবোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তারা ভেবেছে, শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। তাদের উদ্দেশে বলতে চাই–এসব করে কোনো লাভ হবে না।
মীর শাহে আলম আরও বলেন, সারা দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটি নির্দিষ্ট জেলায় আবারও একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা যে সঠিক ও যৌক্তিক ছিল, আজ জাতির সামনে তা আবারও প্রমাণিত হলো।
সারাদেশে অগ্নিসন্ত্রাসের অভিযোগ নাকচ করে দিয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, দেশের একটি নির্দিষ্ট জেলায় অগ্নিসন্ত্রাস হচ্ছে। সারা দেশে অগ্নিসন্ত্রাসের যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়; এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সরকার মানবিক ও ধৈর্যশীল হলেও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করবে।
বাংলাদেশ আর কারো তাঁবেদারি করবে না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের ও দেশের স্বাধীনতার পক্ষে থেকে কাজ করে যাবে।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা অংশ নিতে পারবেন কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন এরইমধ্যে সংশোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে। এখানে ‘ধানের শীষ’ বা এ ধরনের কোনো জাতীয় প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি মনোনয়ন দেওয়ারও কোনো সুযোগ নেই। ব্যানার বা পোস্টারে কেউ কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দিতে পারবেন না; সবাইকে ব্যক্তি হিসেবে নির্বাচন করতে হবে।
তবে এ ক্ষেত্রে বিএনপির দলীয় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেজল্যুশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দেবে। কেউ সেই সিদ্ধান্ত অমান্য করলে উপজেলা ও জেলা বিএনপির সুপারিশের ভিত্তিতে কেন্দ্র সাংগঠনিক ব্যবস্থা নেবে।
রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, উদ্বোধন করা শহীদ আবু সাঈদ স্টেডিয়ামটি সংস্কারের জন্য এরইমধ্যে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নের জন্য সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার জন্য আলাদা উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। পাশাপাশি রংপুর অঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা করে দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করার জন্য প্রধানমন্ত্রী এরইমধ্যে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।