News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক জলবায়ু 2026-11-12, 9:47am

jlbaayyu_smmeln-92e57b338d3e345677e3471e9d170f051794455226.jpg




জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল আপ’শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আজ এক তথ্যবিবরণীতে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করে। এর ধারাবাহিকতায় দেশে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে এবং ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিতকরণের ব্যবস্থা চালু করেছে। দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি মার্কিন ডলারেরও কম। ফলে অভিযোজন কার্যক্রমের প্রয়োজনীয়তা ও প্রাপ্ত অর্থায়নের মধ্যে উল্লেখযোগ্য ঘাটতি বিদ্যমান রয়েছে।

এ প্রেক্ষাপটে তিনি অনুদান ও সহজ শর্তে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থায়ন পৌঁছানোর ব্যবস্থা জোরদার এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দীর্ঘদিনের সহযোগিতা ও অংশীদারত্বের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রগতি সুরক্ষিত রাখা সম্ভব নয়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি হ্রাস পাবে না। তাই অভিযোজন অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য।

অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই।