News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

মজুত থাকা গ্যাসে কতদিন চলবে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2023-06-16, 6:32am

resize-350x230x0x0-image-227763-1686852401-b3762a1d0dfbd34c95d54dc39dcd547f1686875533.jpg




বর্তমানে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী ১০ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

নসরুল হামিদ বলেন, নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ইলিশার মজুতসহ দেশে বর্তমানে গ্যাসের প্রাথমিক মজুত ৪০ দশমিক ৪৩ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৮ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ৩১ মে ২০২২ পর্যন্ত ১৯ দশমিক ৯৪ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ৮ দশমিক ৮২ ট্রিলিয়ন ঘনফুট মজুত অবশিষ্ট রয়েছে। দৈনিক গড়ে ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বিবেচনায় মজুত থাকা গ্যাসে ১০ বছর চলবে।

রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালে এলএনজির ধারণক্ষমতা প্রতিটিতে ১ লাখ ৩৮ হাজার করে মোট ২ লাখ ৭৬ হাজার ঘনমিটার।

প্রতিমন্ত্রী জানান, কাতার ও ওমানের সঙ্গে পেট্রোবাংলার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বছরে ৩ দশমিক ৫ থেকে ৪ মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানি করা হচ্ছে। এ ছাড়া স্পট মার্কেট (আন্তর্জাতিক খোলাবাজার) থেকে চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ৩০ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আনুমানিক পরিমাণ ১ দশমিক ৮৬ মিলিয়ন মেট্রিক টন। ২০২৩ সালে স্পট মার্কেট থেকে ২১ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, যার আনুমানিক পরিমাণ ১ দশমিক ৩১ মিলিয়ন মেট্রিক টন। তথ্য সূত্র আরটিভি নিউজ।