News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-09-23, 9:44pm

ertgertertwe-22d3c7b18d2081bff7aec1cab91fd8601790178276.jpg




ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরীফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে যাবেন জাকের ও ভক্তরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শালপাড়া ঘাট এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিদায়ী মাহফিল। এতে স্থানীয় ভক্তদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পীরগঞ্জ, দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকার জাকের ও ভক্তরা প্রায় দুই মাস ধরে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির প্রস্তুতি নেন। বিদায়ী মাহফিলের পর তারা আটরশি দরবার শরীফের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছাতে তাদের প্রায় ১৮ দিন সময় লাগবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

দীর্ঘ এই যাত্রায় দলবদ্ধভাবে অংশ নেবেন ভক্তরা। তাদের সঙ্গে থাকবে বাঁশ দিয়ে তৈরি ওই ‘নজরানা ভুর’। এ আয়োজনকে কেন্দ্র করে শালপাড়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম রনি বলেন, আটরশি বিশ্ব ওরস শরীফকে কেন্দ্র করে প্রতিবছর পীরগঞ্জের বিভিন্ন এলাকায় ভক্তদের নানা আয়োজন থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। দূর-দূরান্তের মানুষের যাতায়াতকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।

বিদায়ী মাহফিলের সভাপতি আব্দুর সাত্তার মন্ডল বলেন, বিদায়ী মাহফিলের মধ্য দিয়ে আটরশি বিশ্ব ওরস শরীফে যাওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে পৌঁছানোর অপেক্ষা।

বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, আটরশি বিশ্ব ওরস শরীফ উপলক্ষে প্রতিবছরই এলাকায় ভক্তদের বিভিন্ন আয়োজন থাকে। এবারও শালপাড়া ঘাটে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরি করা হয়েছে। ভক্তরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাদের আয়োজন সম্পন্ন করেছেন।