News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-11-02, 12:49pm

img_20261102_124904-a278220919dac6fb58a379ca2be2096f1793602157.jpg




জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪ অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো। চূড়ান্ত তালিকায় একজন প্রার্থী থাকায় এই আসনে আর নির্বাচন হচ্ছে না। যার ফলে জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামানকে।

এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ বলে জানান রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান।

ওইদিন তিনি বলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রত্যাহারের পরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এর পূর্বে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন।

পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর আসনটিতে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।